বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
পারমাণবিক শক্তির এক নতুন দিগন্তে পা রাখল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে আসার সাথে সাথে দেশের জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের পথে তৈরি হয়েছে এক অভাবনীয় সম্ভাবনা। মাত্র ৪ গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব, তা সাধারণ জ্বালানির তুলনায় রীতিমতো বিস্ময়কর।
বিজ্ঞানীদের তথ্যমতে, মাত্র ৪ গ্রাম ইউরেনিয়াম রড থেকে উৎপাদিত শক্তি প্রায় ৩ টন (৩,০০০ কেজি) উন্নতমানের কয়লার সমান। একইভাবে এটি প্রায় ২ হাজার লিটার খনিজ তেল এবং দেড় লাখ ঘনফুট প্রাকৃতিক গ্যাসের সমান বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। রূপপুর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ এখন সেই অতি-ঘনীভূত শক্তির যুগে প্রবেশ করল।
কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার টন জ্বালানি পোড়াতে হয়, যা একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট কার্বন-মুক্ত বিদ্যুৎ পাওয়া যাবে।
পাবনার রূপপুরে রাশিয়ার প্রযুক্তি ও সহায়তায় নির্মিত এই প্রকল্পে ইতিমধ্যে প্রথম ইউনিটের জন্য জ্বালানি (ইউরেনিয়াম) এসে পৌঁছেছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এতে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।