বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
রাজধানীতে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় হাতেনাতে আটক হয়েছে এক ছিনতাইকারী।
জানা যায়, ভুক্তভোগী নারী পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই ছিনতাইকারী তাঁর ওপর চড়াও হয়। অত্যন্ত নৃশংসভাবে নারীর কানের দুলটি টান দিয়ে ছিঁড়ে নেওয়ার ফলে ভুক্তভোগী মারাত্মক আহত হন এবং প্রচুর রক্তপাত হয়।
ওই মুহূর্তে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বিষয়টি লক্ষ্য করেন। কোনো কিছু তোয়াক্কা না করে তিনি তাৎক্ষণিকভাবে ধাওয়া করেন এবং সাহসিকতার পরিচয় দিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলতে সক্ষম হন। আটককৃত ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া স্বর্ণের দুলটি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা সার্জেন্টের এই দ্রুত পদক্ষেপ ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। আহত নারীকে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।