বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ বছর চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং বিপণন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আজ সচিবালয়ে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা ও বাণিজ্য সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা মাঠ পর্যায়ের তথ্য পেয়েছি। চামড়া পাচারের বিষয়ে কোনো শঙ্কা নেই। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে যাতে কোনোভাবেই কাঁচা চামড়া দেশের বাইরে যেতে না পারে।"
সভায় চামড়ার যৌক্তিক মূল্য নির্ধারণ এবং ট্যানারিগুলোতে চামড়া পৌঁছানো নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "সরকার নির্ধারিত মূল্যে যেন চামড়া কেনাবেচা হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে। কোনো সিন্ডিকেট যেন চামড়ার বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।"
চামড়া প্রক্রিয়াজাতকরণের বিষয়ে তিনি জানান, মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদারদের সাথে সমন্বয় করে এবার চামড়া সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এতে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং লোকসান হওয়ার ঝুঁকি থাকবে না।
গত বছরের তুলনায় এবার চামড়ার বাজারে শৃঙ্খলা ফিরবে এবং চামড়া পাচারের সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী।