বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
র্যালি উত্তর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের সুরক্ষায় বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টব, ড্রেনসহ আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তারা। বক্তারা মনে করিয়ে দেন, জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা।