বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ রিপোর্টার, ঢাকা | ১২ জুন, ২০২৬
ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর নৃশংস হামলার মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি শামীম হোসেন ওরফে শামীম রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত শামীম ও তার অন্যতম সহযোগী ফেরদৌস আহমেদ রাজুর দুই দিনের এবং অপর সহযোগী রাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, শামীম রেজার মাদক সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দেশের একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হলে সংশ্লিষ্ট এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনার জেরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (পদ খোয়ানো) করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সিন্ডিকেটের প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে গত বুধবার কাজ শেষে ফেরার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় শামীম ও তার ক্যাডার বাহিনী। হামলায় গুরুতর আহত তিন সংবাদকর্মীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পরই শামীমসহ মূল হোতারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল কক্সবাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দুই সহযোগীকেও আইনের আওতায় আনা হয়।
আজ (১২ জুন) মামলার সুষ্ঠু তদন্ত এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে মূল হোতা শামীম রেজা ও রাজুর ২ দিন এবং রাকিবের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, এই সন্ত্রাসী হামলার পেছনে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।