বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী যুবকের নাম রাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বর্বরোচিত হামলার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে বাধা দিয়েছিলেন রাফি। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়। ঘটনার দিন রাফি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পথ গতিরোধ করে তার মাথায় নির্মমভাবে ইট ছুড়ে মারা হয়।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ (ছবিতে দৃশ্যমান কর্মকর্তা) এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজটি আমাদের নজরে আসার পরপরই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা অত্যন্ত দ্রুততার সাথে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছি এবং এই হামলায় জড়িত দুইজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।"
পুলিশ আরও জানিয়েছে, এই নৃশংস হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় জড়িত আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাদের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাদের যেকোনো সময় আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।