বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
তারিখ: ২৯ আগস্ট ২০২৬
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্য প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও উলামায়ে কেরামের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এর প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
পরিস্থিতি শান্ত করতে শনিবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরা হয় এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে তিনি নিজে দুঃখ প্রকাশ করেন।
উভয় পক্ষের আলোচনার পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এতে করে সম্ভাব্য একটি উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।