বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাতদিন বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকসেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। গত কয়েকদিনের ধারাবাহিক বিশেষ এই অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই)-বৃন্দের সমন্বয়ে গঠিত টিম বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও কারবারিদের হাতেনাতে আটক করে।
পুলিশের একাধিক টিম উপজেলার মাধবপুর, ডগ্রাপাড়া, রামনগর, সাহেবাবাদ, টাটেরা এবং দধিখোলাসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, “মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার মাটি থেকে মাদকের মূল উৎপাটন করতে আমাদের এই রাতদিনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
মাদক কারবারি ও অপরাধীদের দমনে পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।