বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নিজস্ব প্রতিবেদক:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগর গ্রামের মৃত দ্বীন আহমেদের ছেলে গনি আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, জুলাই ছাত্র হত্যা মামলা থেকে অর্থের বিনিময়ে নাম কাটানো এবং বর্তমানে রাজনৈতিক ভোল পাল্টে আধিপত্য বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, একসময় রাজধানীর নয়াবাজার এলাকার ফুটপাতে কার্টন ব্যবসা শুরু করেছিলেন গনি আহমেদ। পরবর্তীতে স্বর্ণ ব্যবসা ও শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অবৈধ কারবারে জড়িয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক বনে যান এবং গড়ে তোলেন 'দ্বীন গ্রুপ'।
অভিযোগ রয়েছে, এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রত্যক্ষ আশীর্বাদ ছিল। বিশেষ করে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, মশিউর রহমান রাঙ্গা, ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা এবং বরিশালের সাবেক এক মন্ত্রী ও এমপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও আর্থিক লেনদেন বজায় রেখে তিনি অঢেল ব্যাংক ব্যালেন্স ও সম্পদের পাহাড় গড়ে তোলেন।
স্থানীয়দের দাবি, গনি আহমেদ ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং বিগত নির্বাচনেও সক্রিয় ভূমিকা পালন করেন। গত ৫ আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ ও প্রমাণ থাকা সত্ত্বেও, পরবর্তীতে আইনের চোখ ফাঁকি দিতে তিনি বিপুল পরিমাণ অর্থের লেনদেন করেন। অভিযোগ উঠেছে, কোটি কোটি টাকার বিনিময়ে তিনি ওই গুরুতর ফৌজদারি মামলা থেকে নিজের নাম কাটিয়ে নিতে সক্ষম হন এবং বর্তমানে প্রকাশ্যেই ঘুরে বেড়াত শুরু করেছেন।
সচেতন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, আওয়ামী লীগ আমলে গড়ে তোলা হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও সাম্রাজ্য রক্ষা করতে গনি আহমেদ এখন নতুন কৌশল অবলম্বন করেছেন। তিনি বর্তমানে বিএনপির কতিপয় নেতার সাথে আঁতাত ও পৃষ্ঠপোষকতা নিয়ে ঢাকাসহ নিজ এলাকায় নতুন করে আধিপত্য বিস্তার শুরু করেছেন।
একজন চিহ্নিত ফেনী জেলা আওয়ামীলীগ এর সদস্য ও হত্যা মামলার আসামি কীভাবে অর্থের জোরে পার পেয়ে আবার নতুন রাজনৈতিক আশ্রয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী গনি আহমেদের অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখা, বিগত দিনের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা, তথ্য পাচারের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং হত্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত গনি আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।
(আগামী পর্বে থাকছে গনি আহমেদের সম্পদ ও সিন্ডিকেট নিয়ে আরও বিস্তারিত প্রতিবেদন...)