বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ ক্রাইম রিপোর্টার,মোঃ হারুন://
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬
মাত্র ৫ হাজার টাকা চাঁদাবাজির রহস্যঘেরা অভিযোগকে কেন্দ্র করে হবিগঞ্জের ‘খবর পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, চা-বাগানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে। একজন প্রবীণ সম্পাদককে সরকারের নীতিগত সিদ্ধান্ত ‘সাংবাদিক গ্রেফতারে আদালতের পূর্বানুমতি’ উপেক্ষা করে এভাবে আটক ও হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। এটি স্রেফ গণমাধ্যমের কণ্ঠরোধ করা ছাড়া আর কিছুই নয়।
এ ছাড়া, চকরিয়ার সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গ্রেফতারের ঘটনাকেও নিছক হয়রানি বলে উল্লেখ করেছে সংগঠনটি।
বিবৃতিতে আহমেদ আবু জাফর আরও বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। অবিলম্বে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দায়েরকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায় বিএমএসএফ। অন্যথায় সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানি বন্ধে সারাদেশের সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।