ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে সাড়ে ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশাবাদ প্রশাসনের

  • আপলোড তারিখঃ 13-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 345 জন
রাঙ্গামাটিতে সাড়ে ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশাবাদ প্রশাসনের ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সাড়ে ৮ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাঙ্গামাটিতে একটি সুন্দর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, সারা দেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলাতেও নির্বাচন ও গণভোট কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। ২৯৯ নম্বর সংসদীয় আসনের আওতাধীন জেলার ১০টি উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব ও আনসার সদস্যরা একযোগে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে ভোটের মাঠে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে রাঙ্গামাটি দেশের একটি ব্যতিক্রমধর্মী জেলা। এখানে হেলিকপ্টার, নৌপথ ও সড়ক—তিন ধরনের যোগাযোগ ব্যবস্থা থাকায় দুর্গম কেন্দ্রগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।এদিকে রাঙ্গামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি রাঙ্গামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে জানান, গত ১৫ তারিখ থেকে সেনাবাহিনী নির্বাচনী এলাকায় ও পোলিং সেন্টার বেস ক্যাম্প স্থাপন করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে ১৫ থেকে ২০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতার সুযোগ না থাকে।

তিনি বলেন, জাতি দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় রয়েছে। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে সাড়ে ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আশাবাদ প্রশাসনের