ক্রাইম রিপোর্টার, মোঃ নজরুল ইসলাম ://
রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে শেষ রক্ষা হয়নি ছিনতাইকারীর।
আজ ১১ই এপ্রিল, শনিবার। সময় তখন বিকেল ৩টা ৫০ মিনিট। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে অটো রিকশায় করে যাচ্ছিলেন এক নারী রোগী ও তার পরিবারের সদস্যরা। চলন্ত রিকশা থেকে হঠাৎ এক ছিনতাইকারী ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইনটি হেঁচকা টানে ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগীদের চিৎকার ও ধাওয়ায় সাধারণ মানুষ চারপাশ থেকে ঘিরে ফেলে ছিনতাইকারীকে। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
তবে ঘটনার সবচাইতে অবাক করা বিষয় হলো ছিনতাইকারীর স্বীকারোক্তি। আটককৃত ব্যক্তি দাবি করেছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে এবং প্রমাণ লোপাট করতে সে স্বর্ণের চেইনটি গিলে ফেলেছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং চেইনটি উদ্ধারের চেষ্টা চলছে।