ঢাকা | বঙ্গাব্দ

​সিরাজগঞ্জের সলঙ্গায় ১১ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 10-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 92 জন
​সিরাজগঞ্জের সলঙ্গায় ১১ নারী ছিনতাইকারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১


​নিজস্ব প্রতিবেদক | সলঙ্গা (সিরাজগঞ্জ)

​সিরাজগঞ্জের সলঙ্গায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। তারা হলেন— সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)।

​সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঁচলিয়া বাজার এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা অপরাধের কথা স্বীকার করেছেন। তারা জানান, দেশের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

​পুলিশ জানায়, চক্রটি কোনো এলাকায় অস্থায়ী বাসা ভাড়া নেওয়ার পর কয়েকটি দলে বিভক্ত হয়ে বাস ও ট্রেনে যাত্রীদের টার্গেট করত। এরপর বিভিন্ন কৌশলে যাত্রীদের মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। গ্রেপ্তার হওয়া নারীদের অনেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

​এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১১ নারীকে গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পিবিআই কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম থেকে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার