মোঃ মনির হোসেন ://
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃতি সন্তান মিজ রুবিনা ফেরদৌসী। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক দুদকে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মিজ রুবিনা ফেরদৌসী বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে তাঁর নিজ এলাকা শাজাহানপুরসহ পুরো বগুড়া জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।