নিজস্ব প্রতিবেদক,
জামালপুর://
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে অপহরণ ও ধর্ষণের দায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ভাতিপাড়া এলাকার মো. ছাত্তার আলী, একই এলাকার মো. আব্দুল মালেক এবং মো. আনু।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় সুযোগ নেয় আসামিরা। আসামিরা ওই গৃহবধূর মুখে গামছা পেঁচিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি বাঁশঝাড়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
এই ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায়ে আদালত প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন, যা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের এই রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জামিল হাসান তাপস।