ঢাকা | বঙ্গাব্দ

অনিয়ম ও তদন্তের মুখে বদলি ডিআইজি কুদ্দুস, ডিএমপিতে পদায়ন

  • আপলোড তারিখঃ 22-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6 জন
অনিয়ম ও তদন্তের মুখে বদলি ডিআইজি কুদ্দুস, ডিএমপিতে পদায়ন ছবির ক্যাপশন: ১

স্টাফ ক্রাইম রিপোর্টার ,মোঃ হারুন//

​প্রশাসনিক অনিয়ম, এএসআই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং অর্থ ব্যয়ের হিসাব নিয়ে নানা অভিযোগের মুখে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

​চলতি বছরের ২১ জুলাই তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। সে হিসাবে মাত্র ৩ মাস ২৫ দিন দায়িত্ব পালনের পরই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। স্বাভাবিক নিয়মে রেঞ্জ ডিআইজি হিসেবে এক থেকে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের রেওয়াজ থাকলেও, এই স্বল্প সময়ে তাকে সরানোর নেপথ্যে পুলিশের অভ্যন্তরীণ তদন্তের বড় ভূমিকা রয়েছে বলে সদর দপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়। একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

​পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিআইজি কুদ্দুসের বিরুদ্ধে ঘনিষ্ঠজনদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে অর্থ আদায়, প্রশাসনিক কাজে স্ত্রীর অননুমোদিত সম্পৃক্ততা এবং প্রথা ভেঙে অফিস পরিচালনার মতো গুরুতর অভিযোগ ছিল।

​নিজস্ব বলয় ও কেনাকাটার দায়িত্ব

চট্টগ্রাম রেঞ্জে যোগদানের পর থেকেই তিনি নিজের পছন্দের কর্মকর্তাদের নিয়ে একটি আলাদা বলয় তৈরি করেন। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার থাকাকালে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজনকে তিনি চট্টগ্রাম রেঞ্জে বদলি করে এনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম ও কেনাকাটার দায়িত্বে পরিবর্তন আনেন। নিয়ম ভেঙে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) কার্যালয়ের পরিবর্তে কেনাকাটার হিসাব-নিকাশের দায়িত্ব দেওয়া হয় সিভিল স্টাফ হেড অ্যাসিস্ট্যান্ট মো. আলমগীরকে।

​কনস্টেবল, নায়েক ও এএসআই পদে বদলির ক্ষেত্রে প্রচলিত নোট পদ্ধতি তুলে দিয়ে লটারি চালুর কথা বলা হলেও, বিভিন্ন ব্যক্তির সুপারিশের কথা বলে তিনি নিজেই খেয়ালখুশিমতো বদলি করতেন বলে অভিযোগ রয়েছে। সাব-ইন্সপেক্টর (এসআই) ও ইন্সপেক্টর পদায়নের ক্ষেত্রেও তার সরাসরি হস্তক্ষেপে অসন্তোষ তৈরি হয়েছিল।

​গাড়িচালক, দেহরক্ষী ও স্ত্রীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা

ডিআইজির গাড়িচালক নায়েক হিজবুল্লাহ এবং দেহরক্ষী কনস্টেবল মো. আরিফ হাসানকে ঘিরেও নানা অনিয়মের অভিযোগ ওঠে। রেঞ্জের বিভিন্ন পুলিশ লাইন, মেস, রেশন অফিস ও আরআই অফিসে ডিআইজির নাম ভাঙিয়ে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ ছিল। পুলিশের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা পুলিশ ইন্টারনাল ওভারসাইটের (পিআইও) তদন্তে সত্যতা পাওয়ার পর গত ৬ সেপ্টেম্বর গাড়িচালক হিজবুল্লাহকে ডিএমপিতে এবং ৮ সেপ্টেম্বর দেহরক্ষী আরিফকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। তবে অভিযোগ রয়েছে, বদলির পরও তারা নতুন কর্মস্থলে না গিয়ে ডিআইজির বাসায় বহাল তবিয়তে দায়িত্ব পালন করছিলেন।

​ডিআইজির স্ত্রী সিদরাতুল মুনতাহা কবিতার কর্মকাণ্ড নিয়েও পুলিশ বিভাগে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিভিন্ন জেলা শাখার আয়-ব্যয়ের হিসাব পরিদর্শনের নামে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে কৈফিয়ত চাইতেন এবং বিভিন্ন ধরনের উপহার গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে।

​এ ছাড়া রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী সমাবেশের নামে কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের আয়োজন করা হতো। প্রতিটি জেলায় এ ধরনের অনুষ্ঠানে কয়েকশ মানুষের আপ্যায়নে অন্তত ২০ লাখ টাকা খরচ করা হয়, যা সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

​এএসআই নিয়োগ ও আপ্যায়ন ব্যয়ে প্রশ্ন

চট্টগ্রাম রেঞ্জে প্রায় ৫০০ এএসআই পদের বিপরীতে প্রায় দুই হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষায় বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। ভাইভা বোর্ডে ডিআইজি নিজে, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নাজমুল হাসান, একজন পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব সদস্য হিসেবে ছিলেন।

​অভ্যন্তরীণ তদন্তের তথ্য অনুযায়ী, পরীক্ষার দ্বিতীয় দিন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব অসুস্থতার কথা বলে বোর্ড থেকে সরে দাঁড়ান। তৃতীয় দিন কোনো প্রতিনিধি ছাড়াই এবং চতুর্থ দিন আরেকজন উপসচিব পাঠানো হলেও তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম প্রত্যক্ষকারী ওই দুই উপসচিব সংশ্লিষ্ট কাগজপত্রে স্বাক্ষর করেননি বলে জানা গেছে।

​এই নিয়োগ প্রক্রিয়ায় প্রতি ১০০ প্রার্থীর বিপরীতে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত লেনদেনের গুঞ্জন রয়েছে। নিয়োগ শেষ হওয়ার পরপরই ভাইভা বোর্ডের সদস্য অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নাজমুল হাসানকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

​এ ছাড়া এএসআই নিয়োগ পরীক্ষার আপ্যায়ন বাবদ সাড়ে তিন লাখ টাকা ব্যয় দেখানো হলেও প্রকৃত খরচ দেড় লাখ টাকার বেশি ছিল না বলে অভিযোগ রয়েছে। বাকি অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।

​এসপিদের সঙ্গে দূরত্ব ও কক্সবাজারের বক্তব্য

প্রশাসনিক সিদ্ধান্ত ও বদলিকে কেন্দ্র করে কয়েকটি জেলার পুলিশ সুপারদের সঙ্গেও ডিআইজির দূরত্ব তৈরি হয়েছিল। বিশেষ করে সাতটি থানার ওসি বদলি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। কুমিল্লার লাকসাম থানার পরিদর্শক নাজনীনকে ফেনীতে পদায়নের উদ্যোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের সঙ্গে তার সরাসরি বিরোধ বাধে। পরবর্তীতে পিআইওর প্রতিবেদনের ভিত্তিতে সেই বদলির সিদ্ধান্ত স্থগিত করা হয়।

​এর আগে গত ৩১ অক্টোবর কক্সবাজারে এক সমাবেশে সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বাইরে পেলে আটক ও গ্রেপ্তারের হুমকি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। উপযুক্ত প্রমাণ ছাড়াই অতীতে অপরাধে জড়িত থাকার রেকর্ড পেলে তাদের ও অভিভাবকদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন তিনি।

​এসব অভিযোগের বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীর বক্তব্য জানতে তার সরকারি ও ব্যক্তিগত ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনিয়ম ও তদন্তের মুখে বদলি ডিআইজি কুদ্দুস, ডিএমপিতে পদায়ন