মোঃ মনির হোসেন ://
সাভার সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে ‘ক্যাডার বাহিনী’ দিয়ে তুলে নেওয়ার ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই সংবাদকর্মী বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি'তে কর্মরত।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করেন দেশ টিভির সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে সাব-রেজিস্ট্রার জাকির হোসেন তাকে দেখে নেওয়ার হুমকি দেন। অভিযোগ উঠেছে, তিনি তার অনুগত তথাকথিত ‘ক্যাডার বাহিনী’ ব্যবহার করে সাংবাদিককে এলাকা ছাড়া করার এবং বড় ধরনের শারীরিক ক্ষতির ভয়ভীতি প্রদর্শন করছেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার পর স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে এই হুমকির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
সাভারের গণমাধ্যমকর্মীরা জানান, তথ্য দিয়ে সহযোগিতা না করে উল্টো ‘বাহিনী’ দিয়ে সাংবাদিক দমনের চেষ্টা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।