গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারতলা সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধার মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বাধার মুখে অনুপ্রবেশকারীরা পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে সাহারতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা সাহারতলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১০ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা ভারতীয় কাঁটাতারের বেড়ার একটি পকেট গেট খুলে দিয়ে ওই দলটিকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এরপর ওই ব্যক্তিরা সাহারতলা গ্রামের ভেতর দিয়ে দেশের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা তাদের পথ আটকে দেন। তীব্র বাধার মুখে তারা কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় ফিরে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তারা বর্তমানে ভারতের ভূখণ্ডে একটি ফসলের মাঠে অবস্থান করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাহারতলা গ্রামের বাসিন্দা আদিল মিয়া জানান, "ভোরবেলা সীমান্ত-সংলগ্ন একটি ফসলের ক্ষেত থেকে একদল মানুষকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে গ্রামের ভেতরে আসতে দেখা যায়। প্রথমে আমাদের গ্রামের কয়েকজন গৃহবধূ বিষয়টি লক্ষ্য করেন এবং তাৎক্ষণিক এলাকার পুরুষ ও স্থানীয় যুবকদের জানান। পরে গ্রামের মানুষ জড়ো হয়ে তাদের পথরোধ করলে তারা আবার কাঁটাতারের বেড়ার দিকে ফিরে যায়।"
এই ঘটনার পর থেকে সাহারতলা ও আশেপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় সাধারণ মানুষও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।