এমআই ,হৃদয় ইসলাম://
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দালাল চক্রের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই ঘটনা ঘটে। হামলার পেছনে বিআরটিএ কার্যালয়ের অন্যতম চিহ্নিত দালাল বজলুর রহমান ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিআরটিএ মিরপুর-১৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি এবং দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করছিলেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম। তথ্য সংগ্রহের একপর্যায়ে দালাল বজলুর রহমান ও তার অনুসারীরা তাঁকে সংবাদ সংগ্রহে বাধা দেয়। বাধা তোয়াক্কা না করে তিনি পেশাগত কাজ চালিয়ে গেলে বজলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
হামলাকারীরা সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেয় এবং তাঁর সাথে থাকা ক্যামেরা ও তথ্য সংগ্রহের নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ সেবাগ্রহীতা ও অন্যান্য সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা সটে পড়ে।
সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রাঙ্গণে একজন সিনিয়র সাংবাদিকের ওপর এমন প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকরা। বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারী দালাল বজলুর রহমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি অফিসে দালালদের এমন অবাধ বিচরণের পেছনে বিআরটিএ-র কর্মকর্তা-কর্মচারীদের কোনো যোগসাজশ বা আশ্রয়-প্রশ্রয় আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানান তাঁরা।
প্রশাসনের বক্তব্য
ঘটনাটি সম্পর্কে বিআরটিএ কর্তৃপক্ষ এবং স্থানীয় থানা পুলিশকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।