মোঃমনিরহোসেন://
গত ০৫ মে ২০২৬ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ ইকুরিয়া বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিআরটিএ কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—ফারুক হোসেন (৫১) ও জসিম উদ্দিন (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রায় ০৮ ঘন্টা আটক রাখার পর বিআরটিএ কর্তৃপক্ষের নির্দেশে রাত ০৮:৩০ টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
ফিটনেস, লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সকালে এক গ্রাহকের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে সটকে পড়ে চক্রের সদস্যরা। ভুক্তভোগী ওই ব্যক্তি বিআরটিএ-র উপপরিচালক আইনুল হকের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
দুপুরে পিসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে চারজন আনসার সদস্যের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত দু'জনকে হাতেনাতে আটক করে। পরে তাদের বিআরটিএ-র হাজতখানায় রাখা হয়।
সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচাতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে। আনসার সদস্যদের এমন পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বিআরটিএ কর্তৃপক্ষ এবং উপস্থিত সেবাগ্রহীতারাও।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অপতৎপরতা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দালাল দমন ও জননিরাপত্তা রক্ষায় বেশ কিছু সাফল্য দেখিয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনসম্পৃক্ত একটি সুশৃঙ্খল বাহিনী। যারা প্রতিনিয়ত দেশের নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।