বিশেষ প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস টিম গত ১০ অক্টোবর মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, মহাদেবপুর থানাধীন হোসেনপুর গ্রামের জনৈক ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ৯:১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে থাকা দুজন এবং পাশে দাঁড়িয়ে থাকা অপর দুজনের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়। তাঁরা হলেন—
- মো. সোহাগ হোসেন (২৮): মোটরসাইকেল চালক, পিতা- খাজামুদ্দিন, গ্রাম- রাইগা, মহাদেবপুর, নওগাঁ।
- মো. রনি হাসান (২০): মোটরসাইকেলের আরোহী, পিতা- নুরুজ্জামান, গ্রাম- কৃষ্ণপুর হঠাৎ পাড়া, মহাদেবপুর, নওগাঁ।
- মো. জুয়েল (৩৬): পিতা- সেকেন্দার আলী, গ্রাম- দক্ষিণ হোসেনপুর, মহাদেবপুর, নওগাঁ।
- মো. রুবেল হোসেন (৩০): জুয়েলের আপন ছোট ভাই, পিতা- সেকেন্দার আলী, গ্রাম- দক্ষিণ হোসেনপুর, মহাদেবপুর, নওগাঁ।
উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি সোহাগ হোসেনের মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে ৪০ পাতা (প্রতি পাতায় ১০টি করে মোট ৪০০ পিস) ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি সোহাগ স্বীকার করে যে, আটককৃত ২, ৩ ও ৪ নম্বর আসামির প্রত্যক্ষ সহায়তায় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এই ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচা করে আসছিল। মাদক বিক্রয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।