ক্রাইম রিপোর্টার, মোঃ হারুন://
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার চোরাই জেট ফুয়েলসহ (উড়োজাহাজের জ্বালানি তেল) একটি ট্যাংকলরি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে লরির চালক সাগর হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে এই জ্বালানি তেল ও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাংকলরিটির নম্বর চট্ট-মেট্রো ৪১-০৮০৩।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে জব্দকৃত ট্যাংকলরিটির মালিক আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া। এই ঘটনায় রোববার সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন— গ্রেপ্তারকৃত ট্যাংকলরি ড্রাইভার সাগর হোসেন, পলাতক হেলপার দ্বীন ইসলাম (৫২) এবং পলাতক মালিক ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে ১৬,৫০০ লিটার জেট ফুয়েলসহ ট্যাংকলরিটি জব্দ করা হয়। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাংকলরীর মালিক ইয়ার হোসেন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ দিন ধরে একটি চক্র ডিপো থেকে সংগৃহীত জেট ফুয়েল অবৈধভাবে চোরাচালান ও কালোবাজারি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।