ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বিএসটিআই'র লাইসেন্সবিহীন ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বিক্রি: প্রতিষ্ঠান সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 07-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3 জন
যাত্রাবাড়ীতে বিএসটিআই'র লাইসেন্সবিহীন ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বিক্রি: প্রতিষ্ঠান সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআই'র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমোদন ও লাইসেন্স ছাড়া চিপস, চকলেট, নুডুলসসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​গত ০৫ জুলাই ২০২৬ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর রায়েরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে এবং এপিবিএন-১১ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এর সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা ও ফিল্ড অফিসার (সিএম) জনাব এ এন এম ফরহাদ হোসেন এবং পরীক্ষক (মেট, রসায়ন) জনাব মিলন হোসেন উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনাকারী দল উত্তর রায়েরবাগের ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। সেখানে দেখা যায়, বিএসটিআই-এর বাধ্যতামূলক সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, চকলেট, চাটনী, নুডুলস এবং পিনাট বারসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য ও কনফেকশনারি পণ্য অবৈধভাবে বিক্রয় ও বিতরণ করা হচ্ছিল।

​উক্ত প্রতিষ্ঠানের এই অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে সর্বমোট ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সাথে বিএসটিআই’র কোনো বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় সংস্থাটির মহাপরিচালকের ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়।

​বিএসটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও অধিকার রক্ষায় এবং মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের ভেজালবিরোধী বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

যাত্রাবাড়ীতে বিএসটিআই'র লাইসেন্সবিহীন ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বিক্রি: প্রতিষ্ঠান সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা