ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি, ৫ ভুয়া সাংবাদিকের ৩ মাসের জেল

  • আপলোড তারিখঃ 16-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 151 জন
গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি, ৫ ভুয়া সাংবাদিকের ৩ মাসের জেল ছবির ক্যাপশন: ১


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর্থিক সুবিধা দাবি করার অভিযোগে পাঁচ প্রতারককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, একটি সাদা রঙের নোহা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৫২) বিভিন্ন গণমাধ্যমের বুম, স্টিকার ও পরিচয়পত্র লাগিয়ে এই পাঁচ প্রতারক সহকারী কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। -এ তাদের ব্যবহৃত সেই মাইক্রোবাস ও একাধিক ভুয়া আইডি কার্ড দেখা যাচ্ছে।

​তারা নিজেদের বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার কাছে আর্থিক সুবিধা ও চাঁদা দাবি করেন। ম্যাজিস্ট্রেট তাদের দাবি প্রত্যাখ্যান করলে সবশেষে তারা 'দূর থেকে এসেছেন' অজুহাতে গাড়ির জ্বালানি খরচ এবং দুপুরের খাবারের জন্য টাকা চান। এতে ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে তিনি স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট মিডিয়া হাউসগুলোর সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে তাদের দেওয়া পরিচয় সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

​পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ এর গণ উপদ্রব সংক্রান্ত ২৯১ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ওই পাঁচ প্রতারকের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:

১. মনিরুজ্জামান (৫৪), নেত্রকোনা সদর (নিজেকে সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটর পরিচয় দেন)

২. মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪), পূবাইল

৩. নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪), টঙ্গী

৪. কামরুজ্জামান (২৪), এরশাদনগর

৫. রোজিনা আক্তার (১৯), ময়মনসিংহ (বাকি চারজন দৈনিক আজকের আলোকিত সকালের বিভিন্ন পদের ভুয়া পরিচয় দেন)।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গণমাধ্যমের নাম ভাঙিয়ে যারা এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।  




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​আদাবরে ছিনতাইকারীর চাপাতি হামলা: ওসি ও এসআই আহত, পুলিশের পাল্টা গুলি